সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নম্বর বাহারছড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ নভেম্বর মাগরিবের নামাজের পর উপজেলার বশিরুল্লাহ মিয়াজী বাজারে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত ওসমান। ৪ নম্বর বাহারছড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শেখ নুর হোসেনের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হামিদ বাহারের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি মহল সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মহিউদ্দিন জাহাঙ্গীর, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী, মেম্বার শাহ আলম, সৈয়দ খালেদ, আব্দুস সালাম, মেম্বার ওসমান, নাসির উদ্দিন, নাজিম উদ্দিন, সাইফুল আলম, যুবদল নেতা নেজাম উদ্দিন, আব্দুল আজিজ, এহসানুল হক পারভেজ, আলী আক্কাস, মুহাম্মদ জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার শাহজাহান চৌধুরী, মামুন, শাহজাহান এবং সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহেদ সুমুন, শাহেদ তালুকদার, কাইয়ুমুল ইসলাম ও রমিজ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।