ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর, ২০২৬) দিবাগত রাত পৌনে ১টার (০০.৪৫ ঘটিকা) দিকে উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করে আশুগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ জয়নাল আবেদিন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নসিমপুর এলাকার হাজী আবু তালেব মিয়ার বাড়ির মৃত ওসমান গনির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। অভিযান পরিচালনাকালে সন্দেহভাজন হিসেবে জয়নাল আবেদিনকে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান থানা পুলিশ।