বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম আজাদ আগামী দুই বছরের জন্য চট্টগ্রামের রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইউনুচ-আলমাচ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে মনোনীত করা হয়। উল্লেখ্য, শিক্ষাবিস্তারের মহান ব্রত নিয়ে আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম আজাদ ও তাঁর পরিবার তাঁদের মরহুম পিতা-মাতার নামে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন।শিক্ষা ও মানবসেবার পাশাপাশি তিনি চট্টগ্রামের স্বাস্থ্যখাত, ধর্মীয় ও ব্যবসায়িক অঙ্গনের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অত্যন্ত নিষ্ঠার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এবং আন্তর্জাতিক মানের ‘চমাশিহা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি নদিমপুর দীঘির পাড় শাহী জামে মসজিদ এবং নদিমপুর দীঘির পাড় এতিমখানা ও হেফজখানার সভাপতির দায়িত্বে নিয়োজিত আছেন।
ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর বর্ণাঢ্য সম্পৃক্ততার মধ্যে রয়েছে—বাংলাদেশ এগ্রো কমোডিটি ইমপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজের সহ-সাধারণ সম্পাদক, আমির মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুরাতন কাপড় আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক। এর পাশাপাশি তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক এবং কদম মোবারক মুসলিম এতিমখানা পরিচালনা পর্ষদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।তাঁর এই মনোনয়নে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।