logo
রেলে স্পেয়ার্স সাপ্লায়ার্সদের সংবাদ সম্মেলনে নাটকীয়তা,ব্যাখ্যা না দিয়েই প্রস্থান
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম প্রেসক্লাবে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন ডেকে প্রায় দেড় ঘণ্টা পর আসন গ্রহণ করলেও শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন না করেই দ্রুত স্থান ত্যাগ করেছেন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনের টেবিলে বসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী, সিনিয়র সহসভাপতি এনায়েত কবির, ই-কোষাধ্যক্ষ মাসুদ হোসেন এবং পরিচালক মো. শাহিন হোসেন, জাহিদুল হক ও মাইনুল আহসান।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, টেবিলে বসার পরপরই আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে সংবাদ সম্মেলনটি আর অনুষ্ঠিত হচ্ছে না। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর এমন আকস্মিক ঘোষণায় উপস্থিত সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

একপর্যায়ে সাংবাদিকরা সংগঠনের সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীর বিতর্কিত ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলার চেষ্টা করেন। তবে কোনো প্রশ্নের জবাব না দিয়েই সভাপতি ফেরদৌস হুদা চৌধুরীসহ উপস্থিত অন্য নেতারা দ্রুত স্থান ত্যাগ করেন বলে জানান সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং শেষ মুহূর্তে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা বা প্রশ্নের উত্তর না দিয়ে আয়োজকদের চলে যাওয়ার ঘটনায় গণমাধ্যমকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।