টানাপোড়েন আর সীমিত সামর্থ্যের মাঝেও সততা ও নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মীর হোসেন (৩৭)। শারীরিক গড়নে মাত্র সাড়ে তিন ফুট লম্বা হলেও তার মনের পরিধি আকাশসম। দীর্ঘ ১৯ বছর ধরে তিনি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন।
বরাদ্দারহাট এলাকার ‘কাশবন রেস্টুরেন্ট’-এ নিয়মিত যাতায়াত করেন এমন মানুষের কাছে মীর হোসেন বেশ পরিচিত মুখ। রেস্টুরেন্টের দরজায় দাঁড়িয়ে আগত অতিথিদের সালাম ও কুশল বিনিময়ের মাধ্যমে আন্তরিকতার সাথে নিজের দায়িত্ব পালন করেন তিনি।
রেস্টুরেন্টে নানা শ্রেণি-পেশার মানুষ আসেন। গল্প ও আড্ডার ফাঁকে অনেকেই অসাবধানতাবশত মূল্যবান জিনিসপত্র ফেলে যান। আর সেসব জিনিস হাতে পেলে কোনো ধরনের লোভ-লালসার বশবর্তী না হয়ে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়াই মীর হোসেনের নিয়মিত অভ্যাস।
সর্বশেষ গত ২০ নভেম্বর (শুক্রবার) রেস্টুরেন্টে আসা এক অতিথির প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও লকেট পড়ে যায়। জিনিসটি মীর হোসেনের নজরে এলে তিনি বিন্দুমাত্র দ্বিধা বা গোপনীয়তা ছাড়াই তা সৎভাবে জমা দেন। পরবর্তীতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামসুদ্দিন খন্দকার হারানো স্বর্ণালংকারগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেন। এর আগেও তিনি একটি স্বর্ণের আংটিসহ অসংখ্য মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ সামগ্রী কুড়িয়ে পেয়ে নিরাপদে সংরক্ষণ করেছেন এবং মালিক ফিরে এলে তা বুঝিয়ে দিয়েছেন।

মীর হোসেন মীরসরাইয়ের মোবারকঘোনা ইউনিয়নের ৩ নম্বর আনন্দবাজার ওয়ার্ডের বাসিন্দা মরহুম কবির আহমদের ছেলে। সংসার জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে কষ্টে দিন কাটালেও তার সততায় কোনো দিন চিড় ধরেনি।
মীর হোসেনের এই অনন্য সততা প্রসঙ্গে কাশবন রেস্টুরেন্টের চেয়ারম্যান শামসুদ্দিন খন্দকার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব বলেন, “মীর হোসেনের সততা আমাদের কাছে এক অনন্য উদাহরণ। শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো অনেকেই তাকে কাজে নিতে চাইতেন না, কিন্তু তার সততা ও আদর্শের কাছে সবাই হার মানবে। আমাদের প্রতিষ্ঠানে বহু গ্রাহক মূল্যবান জিনিস ফেলে যান; মীর হোসেন তা খুঁজে পেলে সযত্নে রেখে দেন এবং আমাদের মাধ্যমে প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেন।”
সীমিত আয়ে বড় সংসার সামলে নেওয়া মীর হোসেনের এই নিষ্ঠা ও সততা সমাজের সবার জন্যই এক অনুপ্রেরণা।