মানবাধিকার সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয়ে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর বন্দর থানা আহ্বায়ক কমিটির অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টায় চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলসির দীঘি এলাকায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর থানা আহ্বায়ক কমিটির সভাপতি ও সমাজকর্মী মোহাম্মদ তাজউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান খলিলুর রহমান। কমিটির সাধারণ সম্পাদক সুমন আকনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনির তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাইফুল আলম, পলাশ শেখ, মোহাম্মদ রিপন শেখ, জামাল হোসেন, রুমান শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় চট্টগ্রাম মহানগরীতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, মানবাধিকার রক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার এবং বন্দর থানা এলাকায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বন্দর থানা আহ্বায়ক কমিটির সদস্যদের দায়িত্ব বণ্টন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল সাংগঠনিক দায়িত্ব নয়, এটি একটি সামাজিক ও নৈতিক অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।