সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর হালিশহরস্থ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী কমিটির সদস্য হাফেজ মো. সোহরাব হোসেন।
স্বাগত বক্তব্যে সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন এসোসিয়েশনের ইতিহাস, ঐতিহ্য ও চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি তিনি সংগঠনের আগামী দিনের দ্বিবার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় সন্দ্বীপ-চট্টগ্রাম যাতায়াত ব্যবস্থা, বিশেষ করে নিরাপদ ও টেকসই নৌ-যোগাযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া হালিশহর এলাকায় এসোসিয়েশনের জন্য একটি স্থায়ী অফিস কমপ্লেক্স নির্মাণ এবং সন্দ্বীপবাসীদের জন্য আলাদা কবরস্থান প্রতিষ্ঠাসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আগামী দুই বছরের জন্য ৭ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— মো. রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন, মো. আলাউদ্দিন শিকদার, এডভোকেট মো. আবু তাহের, প্রফেসর ড. শফিকুল আলম এবং মাওলানা নুরুল আমিন মেহেদী। এছাড়া কার্যনির্বাহী কমিটির শূন্য থাকা মহিলা সদস্য পদে মোছাম্মৎ শাহিন সুলতানাকে নির্বাচিত করা হয়।
সভার একপর্যায়ে সংগঠনের আজীবন সদস্য আনোয়ারুল ইসলাম শিহাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মো. তরিক।
সভায় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ২৪ জন সদস্যের সবাই উপস্থিত ছিলেন। সবশেষে সভাটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সভাপতি।