logo
চট্টগ্রাম-দোহাজারী ডুয়েল গেজ রেলপথের ক্রয় প্রস্তাব অনুমোদন
সংবাদ প্রকাশিত:

চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের পূর্ত কাজের জন্য ৪ হাজার ৬২৯ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ৫১৫ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রকল্পের দুটি প্যাকেজের মধ্যে একটির কাজ পেয়েছে চীনের ‘চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড’ এবং অপরটির কাজ পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান ‘ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড’।

বুধবার (২৫ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের ডব্লিউডি-১ প্যাকেজের কাজ পেয়েছে ঢাকার ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যাতে ব্যয় হবে ২ হাজার ৭১৭ কোটি ৯১ লাখ ১৩ হাজার ৪০৩ টাকা। অন্যদিকে, ডব্লিউডি-২ প্যাকেজের কাজ পেয়েছে চীনের চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড, যার ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯১১ কোটি ৪৮ লাখ ১১ হাজার ১১২ টাকা। উভয় প্যাকেজের ব্যয় ভ্যাট ও ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশ সরকার (জিওবি) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়ন রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে। দরপত্র প্রক্রিয়ায় ডব্লিউডি-১ প্যাকেজে সাতটি এবং ডব্লিউডি-২ প্যাকেজে ১১টি প্রতিষ্ঠান অংশ নেয়। দরপত্র মূল্যায়ন কমিটি (টিইসি) কারিগরিভাবে গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রতিষ্ঠান দুটিকে নির্বাচনের সুপারিশ করলে মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন করে।

প্রকল্পের আওতায় ডব্লিউডি-১ প্যাকেজের মাধ্যমে চট্টগ্রাম থেকে গুমদণ্ডী পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর, পাহাড়তলী থেকে ঝাউতলা পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেললাইন নির্মাণ এবং সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। আর ডব্লিউডি-২ প্যাকেজের আওতায় চট্টগ্রাম থেকে গুমদণ্ডী হয়ে দোহাজারী পর্যন্ত বিদ্যমান মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর ও সংশ্লিষ্ট পূর্ত কাজ বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম-দোহাজারী রেলপথকে ডুয়েল গেজে রূপান্তরের এ প্রকল্পটি ২০২৩ সালের ৩১ অক্টোবর একনেক সভায় অনুমোদিত হয়। ২০২৩ সালের ১ জুলাই শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।