বাংলা ক্যালেন্ডারে অগ্রহায়ণের মাঝামাঝি হলেও শীতের শুরুতে বাজারে সবজির দরে স্বাভাবিক স্বস্তি মিলছে না। হেমন্তের শেষ দিকেও বাজার করতে গিয়ে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। বিশেষ করে চাল, সবজি ও মাছের চড়া দামে ভুগছেন সাধারণ ভোক্তারা। তবে তুলনামূলক স্বস্তি মিলছে ডিম ও মুরগির বাজারে।
বিক্রেতারা জানান, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি ও সরবরাহে বিঘ্ন ঘটায় সবজির দাম বেড়েছে। গত দুই সপ্তাহে সরবরাহ কমে যাওয়ায় সপ্তাহ ব্যবধানে শীত ও গ্রীষ্মকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি মৌসুম শেষ হয়ে আসায় গ্রীষ্মকালীন কয়েকটি সবজির দামও চড়া রয়েছে।
বাজারে প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা ও লাউ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি টমেটো ১৪০ টাকা, আমদানি করা টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, শিম ৮০ থেকে ১০০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, মুলা ৫০ টাকা, শালগম ৬০ টাকা ও কাঁচা মরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকা, করলা ১০০ টাকা, নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ১২০ টাকা, গাজর ৮০ থেকে ১২০ টাকা, শসা ৬০ টাকা ও ঢ্যাঁড়স ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে এক মাসে চিচিঙ্গার দাম প্রায় ৫৮ শতাংশ, ঢ্যাঁড়সের দাম ৫৫ শতাংশ, বরবটির দাম ৫৪ শতাংশ এবং করলার দাম ৪৬ শতাংশ বেড়েছে।
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের সবজি বিক্রেতা মো. আলম বলেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও এখনো সব ধরনের সবজির দাম কমেনি; বিশেষ করে নতুন আলু, বেগুন, করলা ও বরবটির দাম বেশি। পাইকারি বাজারে চড়া দামে কেনায় খুচরাতেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বহদ্দারহাট বাজারের বিক্রেতা কামাল বলেন, আকস্মিক বৃষ্টির কারণে ফসলের ক্ষেতে সবজি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে। তবে কয়েক দিনের মধ্যেই শীতের নতুন সবজি বাজারে পুরোদমে উঠলে দাম কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে প্রায় তিন সপ্তাহ ধরে চালের বাজারও চড়া। নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে আগের তুলনায় কেজিতে এক থেকে চার টাকা বেশি খরচ করতে হচ্ছে। ব্যবসায়ীরা জানান, পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে থাকায় দাম বেড়েছে, আর মিলগুলোও মিনিকেটের দাম বাড়িয়েছে। বাজারে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকা, সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট ৭৫ টাকা এবং মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
আমিষের বাজারে মুরগি ও ডিমের দাম কিছুটা কম থাকলেও মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। গত এক মাসে রুই মাছের দাম প্রায় ৭ শতাংশ ও কাতলা মাছের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে। দুই থেকে চার কেজি ওজনের রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং কাতলা ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া পাবদা ৪০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা ও তেলাপিয়া ২০০ থেকে ২৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি ও সামুদ্রিক মাছের মধ্যে আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা, দেশি শিং ১ হাজার টাকা এবং সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
স্টিল মিল বাজারের মাছ বিক্রেতা সুভ্রত বলেন, সরবরাহ থাকলেও পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় বিশেষ করে দেশি ও বড় মাছের দাম কমছে না।
অন্যদিকে, গত বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়িয়েছে সরকার। তবে দাম বাড়লেও বাজারে সরবরাহ না বাড়ায় অনেক দোকানেই তেল মিলছে না। এ ছাড়া মুদিপণ্যের মধ্যে দেশি রসুনের দাম বেড়েছে, কমেছে চায়না আদার দাম। মসলার বাজারে লবঙ্গ ও জিরার দাম বেড়েছে।