জামায়াতের সমাবেশে গুলি, আহত ১২

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

শেয়ার করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর সমাবেশে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এতে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দলটির দুই নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও জামায়াত ইসলামী নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শুক্রবার বিকেলে জঙ্গল সলিমপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুমার নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে থাকে। এ সময় ২০-৩০ জনের অস্ত্রধারী সন্ত্রাসী সমাবেশ উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছুড়তে থাকে। এতে গুলিবিদ্ধ হন জামায়াত নেতা মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। এছাড়াও আহত হন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীসহ অন্তত ১০ জন। পরে সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ ৭ থেকে ৮ জন নেতাকর্মীকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পুলিশ দিয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে।

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী বলেন, জঙ্গল সলিমপুর এস এস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে গত বুধবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা উপর্যুপরি হামলা করে। ওই স্কুলের প্রধান শিক্ষক জামায়াতের রাজনীতির সাথে জড়িত রয়েছে। ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আজ শুক্রবার বিকালে স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। প্রতিবাদ সভায় উপজেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ সভাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে এবং হামলা চালিয়ে সমাবেশ পণ্ড করে দেয়।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হাতে অবরুদ্ধ জামায়াত নেতাদের পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, আহতদের কয়েকজনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন  সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিনের শশুরের ইন্তেকাল:
শেয়ার করুন

মন্তব্য করুন