ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক হলেও মাত্র ১৫ মিনিট পর ফের একই স্থানে কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ আবারও বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৯ মে) রাত ১০টা ১৫ মিনিটে পৈরতলা রেলক্রসিংয়ের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ৬০৩ আপ কনটেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে পড়ে যায়। এতে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়। সাত ঘণ্টার চেষ্টায় আখাউড়া ও ঢাকা থেকে আসা রিলিফ ট্রেন দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে। পরে শনিবার (১০ মে) ভোর ৪টা ৫৫ মিনিটে চলাচল স্বাভাবিক হয়।
তবে ভোর ৫টা ৫৮ মিনিটে ভৈরব থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া অতিক্রম করার সময় তার একটি বগিও একই স্থানে ডাউন লাইনে লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস নরসিংদীর দৌলতকান্দিতে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস মেথিকান্দায় এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জের সরারচর রেল স্টেশনে আটকা পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকির জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।


