মোঃ শাহারিয়া রেজা জিসাদ,
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদকের টাকা না পেয়ে চার বছরের ভাতিজিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে এক চাচা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের উত্তর শরীফপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম রাহিয়া বিন রাহী ওরফে ফাতেমা (৪)। সে স্থানীয় নুরুল আজিমের মেয়ে।
স্থানীয়দের মতে, অভিযুক্ত নুরুল হাকিম (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার রাতে গাঁজা সেবনের জন্য সে তার ভাবির কাছে টাকা দাবি করে। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে হাকিম ভাতিজি রাহিয়াকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নুরুল হাকিমকে আটক করে।
রামু থানার তদন্ত কর্মকর্তা মো. ফরিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


