বান্দরবান নার্সিং কলেজে শিক্ষক ও কর্মচারী সংকট: মানসম্মত শিক্ষা ব্যাহত

মোঃ শাহারিয়া রেজা জিসাদ, বান্দরবানঃ

শেয়ার করুন

পর্যাপ্ত শিক্ষক ও কর্মচারী সংকটের কারণে বান্দরবান নার্সিং কলেজ মানসম্মত শিক্ষা প্রদানে ব্যর্থ হচ্ছে। ২০১৮ সালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হলেও, প্রয়োজনীয় জনবল না থাকায় কলেজটির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজে ৪২ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৩ জন। ফলে পাঠদান কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, ২৩ জন সরকারি কর্মচারীর পদ থাকলেও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি। অধ্যক্ষের ক্ষমতাবলে মাত্র ৩-৪ জন খণ্ডকালীন কর্মী দিয়ে প্রশাসনিক কার্যক্রম কোনোমতে চালানো হচ্ছে।

অব্যবস্থাপনার চিত্র আরও প্রকট ছাত্রাবাস ও একাডেমিক ভবনে। মহিলা হোস্টেলে তীব্র খাবার পানির সংকট থাকলেও তা সমাধানে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এছাড়া, কলেজের একাডেমিক ভবন অবৈধভাবে ছাত্র হোস্টেল হিসেবে ব্যবহৃত হওয়ায় শিক্ষা কার্যক্রমের পরিবেশ নষ্ট হচ্ছে।

প্রশাসনিক ক্ষেত্রেও অনিয়ম লক্ষণীয়। নবম গ্রেডের দুজন প্রভাষক কর্মরত থাকা সত্ত্বেও একজন দশম গ্রেডের শিক্ষক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষাব্যবস্থা আরও ঢিলেঢালা হয়ে পড়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

সংশ্লিষ্ট মহল মনে করছে, দ্রুত শিক্ষক ও কর্মচারী নিয়োগ না দিলে বান্দরবানের স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য ভেস্তে যাবে। একই সঙ্গে এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও কঠিন হয়ে উঠবে।

আরও পড়ুন  বিগত নির্বাচনে ছিল অনিয়ম ও কারচুপি: নির্বাচন কমিশনার
শেয়ার করুন

মন্তব্য করুন

;