নাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মা পেলেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’
মোঃ শাহারিয়া রেজা জিসাদ; বান্দরবান।
সামাজিক কর্মকাণ্ড ও যুব উন্নয়নে বিশেষ অবদানের জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ধুম হেডম্যানপাড়ার তরুণ উসাই মং মার্মা পেয়েছেন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৫’।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সম্মাননা তার হাতে তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম।
সূত্র জানায়, এ বছর পাঁচটি ক্যাটাগরিতে মোট ১২ জনকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। এর মধ্যে ক্রীড়া, কলা ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি পেয়েছেন উসাই মং মার্মা।
এ সম্মাননা অর্জনের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই নাইক্ষ্যংছড়ি জুড়ে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উসাই মং মার্মাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।


