বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের স্মার্ট গ্রুপের একটি রাবার বাগানে কাজ করতে গিয়ে আলী আকবর (৬৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ১২ নম্বর রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
সহকর্মীরা জানান, আলী আকবর প্রতিদিনের মতো ওইদিনও জঙ্গল পরিষ্কারের কাজে অংশ নেন। হঠাৎ করেই তিনি মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছেলে আবদু শুক্কুর বলেন, “বাবা আগের দিন থেকেই অসুস্থ ছিলেন। তবুও সকালে কাজে আসেন। কাজ করতে করতেই তিনি মারা যান।”
স্মার্ট গ্রুপের পরিচালক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম বান্ডু বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আলী আকবর অসুস্থ হয়ে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে তিনি মারা গেছেন। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আলী আকবর কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদ্যপাড়া চাইঙ্গা বাজার এলাকার বাসিন্দা।


