বান্দরবানের আলীকদম উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে পাঁচটি পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় এ কার্যক্রমে অংশ নেন দলের জেলা ও উপজেলা নেতারা।
পরিদর্শনকৃত মণ্ডপগুলো হলো—২নং চৈক্ষং ইউনিয়নের বড়ইমুখ পূজা মণ্ডপ, ৩নং নয়াপাড়া ইউনিয়নের বনিকপাড়া পূজা মণ্ডপ, নয়াপাড়া রণজিৎ মহাজনপাড়া পূজা মণ্ডপ, ১নং সদর ইউনিয়নের হিন্দুপাড়া পূজা মণ্ডপসহ মোট পাঁচটি মণ্ডপ।
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নির্দেশে এসব মণ্ডপ পরিদর্শন করেন নেতারা। এ সময় মণ্ডপ কমিটিগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাশুক আহমেদ এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মনছুর আলম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হানিফ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মীর কাশেম ছোট্টো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ উদ্দিন, উপজেলা ছাত্রদলের নেতা তানবীর সাহেব, মো. আলমগীরসহ স্থানীয় নেতাকর্মীরা।
সভায় বক্তব্য দেন আলীকদম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো। তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং জনাব জাবেদ রেজার নেতৃত্বে বিএনপি সর্বদা পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পাশে থাকবে। আমরা চাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করুক।”
তিনি আরও বলেন, “সংখ্যালঘু বলে আমি কাউকে মনে করি না। আমরা সবাই বাংলাদেশি নাগরিক, সবার সমান অধিকার রয়েছে। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব জাবেদ রেজাকে বান্দরবান-৩০০ আসনে বিজয়ী করতে হবে।”
পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান বিএনপির এই নেতা।


