পেকুয়ায় সালিশ অমান্য করে রাতের আঁধারে পৈত্রিক জমি জবরদখল 

ঘর তুলে দখল পাকাপোক্তের অভিযোগ

নূর মুহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

শেয়ার করুন

 

কক্সবাজারের পেকুয়া উপজেলায় স্থানীয় সালিশ ও জনপ্রতিনিধিদের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জবরদখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল মোনাফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিনের শান্তিপূর্ণ ভোগদখলীয় জমি দখল করে রাতারাতি ঘর তুলে দখল পাকাপোক্ত করার চেষ্টা চালানো হয়েছে।

অভিযুক্ত আব্দুল মোনাফ উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নতুনঘোনা পেকুয়ার চর এলাকার মৃত আব্দু রাজ্জাকের পুত্র।
ভুক্তভোগী মুয়াজ্জিমুল হক জানান, উজানটিয়া মৌজার আরএস খতিয়ান নম্বর ৫৬-এর আরএস দাগ নম্বর ৩৯৮ ও ৪০০ এবং বিএস খতিয়ান নম্বর ২৩৮-এর বিএস দাগ নম্বর ১০৮৭ ও ১০৮৯ অনুযায়ী প্রায় ২ একর ৮০ শতক জমি তিনি পৈত্রিক সূত্রে মালিকানা লাভ করেন। তিনি বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের মিয়ারঘোনা এলাকার বাসিন্দা এবং মৃত নুরুল হকের পুত্র।
ভুক্তভোগীর দাবি, প্রায় ৪০ বছর ধরে উক্ত জমি তাদের শান্তিপূর্ণ ভোগদখলে রয়েছে। গত দুই যুগ ধরে আবুল কালাম নামে এক বর্গাচাষী সেখানে নিয়মিত লবণ চাষ করে আসছেন। চলতি মৌসুমে লবণ মাঠ প্রস্তুতির কাজ চলাকালে হঠাৎ করে আব্দুল মোনাফ ৩৪ শতক জমিতে কাজ বন্ধ করতে নির্দেশ দেন এবং জবরদখলের হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, গত এক বছর ধরে আব্দুল মোনাফ উক্ত জমি জবরদখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তৎপরতা চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন এবং উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কাগজপত্র যাচাই করে অভিযুক্তকে জমিতে কোনো প্রকার হস্তক্ষেপ না করার জন্য সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।কিন্তু সালিশি রায়কে তোয়াক্কা না করে গত সোমবার গভীর রাতে আব্দুল মোনাফ স্বদলবল নিয়ে উক্ত জমিতে অনুপ্রবেশ করে ৩৪ শতক জমি জবরদখল করেন। অভিযোগ অনুযায়ী, রাতের আঁধারে কালো পলিথিনের বেড়া দিয়ে একটি ঘর নির্মাণ করে দখল কার্যক্রম সম্পন্ন করা হয়, যা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে।
মুয়াজ্জিমুল হক আরও বলেন, “আমাদের প্রায় সাত কানি পৈত্রিক জমি রয়েছে, যার মধ্যে দুই একরের বেশি দীর্ঘদিন ধরে আমাদের দখলে। অভিযুক্ত ব্যক্তি আমার এক চাচার কাছ থেকে জমি কেনার দাবি তুলে জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা করছে। আমি দূরে বসবাস করার সুযোগ নিয়ে প্রভাব বিস্তার করে গভীর রাতে ঘর তুলে দখল করে নিয়েছে।”
ভুক্তভোগী জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি প্রশাসনের নজরে এনেছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় ভূমি দখলবাজির বিরুদ্ধে ক্ষোভ, আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মোনাফের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম নুরুল আখতার নিলয় বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন  ইপিজেড এলাকায় অবৈধ ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন
শেয়ার করুন

মন্তব্য করুন