টেকনাফে কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক, জুয়া ও মানবপাচার রোধে সমন্বিত কঠোর অভিযানের ঘোষণা

টেকনাফে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী—জনগণের তথ্য-সহযোগিতা চাইলেন

নূর মোহাম্মদ, সহ-বার্তা সম্পাদক

শেয়ার করুন

মাদক, জুয়া এবং মানবপাচার প্রতিরোধে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাংলাদেশকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং এ লক্ষ্যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। খুব শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে, যাতে এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করা যায়।”
জুয়া ও অনলাইন জুয়ার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে এটি একটি নতুন ধরনের সামাজিক সংকটে পরিণত হয়েছে। সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং কীভাবে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়ে গবেষণা চলছে। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মানবপাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে কক্সবাজার অঞ্চলের টেকনাফ ও উখিয়াকে উল্লেখ করে বলেন, এসব এলাকায় মানবপাচার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ অপরাধ দমনে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী সব পয়েন্টে নজরদারি জোরদার করা হচ্ছে এবং সুসংগঠিত অভিযান পরিচালনার মাধ্যমে এ অপরাধ নির্মূলের চেষ্টা চলছে।
তিনি বলেন, “মানবপাচার প্রতিরোধে জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনো সন্দেহজনক কার্যক্রম বা অপরাধের তথ্য থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। জনগণের সহযোগিতা পেলে আমরা আরও কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারব।”
অনুষ্ঠানে আরও জানানো হয়, একইদিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একযোগে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
পরবর্তীতে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১,৬৯৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, লুৎফুর রহমান কাজল, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন  চৌফলদন্ডীতে আওয়ামী সন্ত্রাসীর নেতৃত্বে হামলা, আহত ৩ মহিলা
শেয়ার করুন

মন্তব্য করুন