তাড়াইলে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

আমিনুল ইসলাম রিপন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

শেয়ার করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা জুড়ে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
দিবসটি উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আক্তার। এর আগে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তাড়াইল হাসপাতাল কমপ্লেক্স ঘুরে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও বাঙালির ঐতিহ্যবাহী সাজসজ্জার মাধ্যমে বাংলা সংস্কৃতির বহুমাত্রিক রূপ তুলে ধরেন, যা পুরো এলাকায় উৎসবের আবহ সৃষ্টি করে।
এছাড়া উপজেলা পরিষদ চত্বরে ১২টি স্টল নিয়ে বসে বৈশাখী মেলা। একইসঙ্গে উপজেলা পরিষদ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও কবিতা পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল শাখা ও উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
অনুষ্ঠান চলাকালীন অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাংলার ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ও বিভিন্ন ধরনের ভর্তা, যা আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছাদেকুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আমজাদ শরীফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারাজানা আক্তার, দপ্তর সম্পাদক মো. রাসেল মিয়া, শিখা রানীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতা ও মূল্যবোধ তুলে ধরাই মূল লক্ষ্য।
উৎসবমুখর এই বর্ষবরণ অনুষ্ঠান তাড়াইলবাসীর মধ্যে নতুন বছরের আনন্দ, উদ্দীপনা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

আরও পড়ুন  কিশোরগঞ্জে মুঠোফোনে সাংবাদিককে পুলিশ পরিচয়ে প্রাণ নাশের হুমকি
শেয়ার করুন

মন্তব্য করুন