অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান 

পরিছন্ন ও নিরাপদ নগরী গড়তে তরুণ প্রজন্মই আমাদের শক্তি মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগরী গড়তে তরুণ প্রজন্মের মেধা, উদ্ভাবনী চিন্তা ও দেশপ্রেমই সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা ভবিষ্যতের টেকসই নগর বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে চট্টগ্রামকে সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে চাই। এ স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বুধবার (২৪ জুন) দুপুরে নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ, বৃষ্টির পানি সংরক্ষণ, ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা এবং জ্বালানি সাশ্রয়ে সেন্সরভিত্তিক আলোকব্যবস্থার মতো বাস্তবসম্মত ধারণা উপস্থাপন করেছে। এছাড়া বিদ্যালয়ে স্থাপিত আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীরা আবহাওয়ার তথ্য বিশ্লেষণ ও পূর্বাভাস প্রদানের কাজও করছে, যা তাদের বিজ্ঞানমনস্কতার উজ্জ্বল দৃষ্টান্ত।

শিক্ষার্থীদের উপস্থাপনা প্রসঙ্গে মেয়র বলেন, আমি মনে করেছিলাম শিক্ষার্থীদের কিছু শেখাব, কিন্তু উল্টো তাদের কাছ থেকেই অনেক কিছু শিখলাম। এত অল্প বয়সে তারা যে দূরদর্শী চিন্তাভাবনা করছে, তা সত্যিই প্রশংসনীয়।

মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ মেধা, সৃজনশীলতা ও কৃতিত্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে। শিক্ষার্থীদের এই অর্জন শুধু শিক্ষা প্রতিষ্ঠানের নয়, পুরো চট্টগ্রামের গর্ব।তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে ভালোবাসতে হবে, শহরকে ভালোবাসতে হবে। বাংলাদেশকে সবসময় সবার উপরে স্থান দিতে হবে। তাহলেই আমরা উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানে তিনি আগামী বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কার্যক্রমের শতবর্ষ উদযাপনের বিষয় উল্লেখ করে বলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে লেখাপড়ার মান ও সাংস্কৃতিক কার্যক্রমে যে অবদান তা আমাদের জন্য একটি উদাহরণ। এ প্রতিষ্ঠান শতবর্ষে পা দিতে যাচ্ছে, একইসাথে সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগের শতবছর। আমরা গৌরবের সাথে এ উৎসব পালন করব। শতবর্ষের এই গৌরবময় যাত্রা আরও সমৃদ্ধ করতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

আরও পড়ুন  ডাকসু এজিএস এর পোস্ট করা কাদের মোল্লার চিঠিতে কি লেখা আছে!

উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রামের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, চসিক শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক ওসমান গণি চৌধুরী (অভীক উসমান)। সম্মানিত অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর ও গভর্নিং বডির সদস্য এম এ মালেক, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ আলী মিঠু, ইঞ্জিনিয়ার প্রবাল রক্ষিত, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, রাজনীতিক মনজুর রহমান চৌধুরী, মোহাম্মদ মহসিন, আলহাজ্ব জাকির হোসেন, আর কে লিটন, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল। প্রভাষক পূরবী চক্রবর্তী, গৌরী দাস ও সুদীপ্তা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্কুল ও কলেজের ১০ জন শিক্ষককে সম্মাননা ও ৩ শতাধিক শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

মন্তব্য করুন