ব্যালটে বদলে গেল নেতৃত্ব, বারবাকিয়া বাজারে সভাপতি মানিক-সম্পাদক আনিছ

দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান, সুফল পাবে পাঁচ শতাধিক ব্যবসায়ী

পেকুয়া উপজেলা সংবাদদাতা

শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীকে ওসমান হায়দার মানিক এবং সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে আনিছুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে মাছ প্রতীকে মনির উদ্দিন, কোষাধ্যক্ষ পদে টেলিফোন প্রতীকে আতিকুর রহমান এবং সহ-সম্পাদক পদে আম প্রতীকে শাহাদত হোসেন জয়ী হয়েছেন।
সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন আহমদ হোসেন, মো. ইসমাইল, মো. বাদশাহ মিয়া ও মো. আরিফুল ইসলাম।
নির্বাচনে মোট ৩৪২ জন ভোটারের মধ্যে ৩৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন প্রার্থী।
নির্বাচন পরিচালনা বোর্ডের দায়িত্বে ছিলেন মাস্টার আজিজুল হক, মাস্টার মোস্তফা আলী ও ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর। ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেকুয়া থানা পুলিশ দায়িত্ব পালন করে। এ সময় ভোটকেন্দ্র পরিদর্শন করেন পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান।
পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উল্লেখ করে বলেন, “বিজয়ী ও পরাজিত সবাই এই বাজারের ব্যবসায়ী। দল-মত ও নির্বাচনের ফলাফলের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টায় বারবাকিয়া বাজারের উন্নয়ন এগিয়ে নিতে হবে।”
দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ব্যবসায়ীরা আশা করছেন, নতুন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বাজারের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন  ঈদগাঁওয়ে লোহার শিকলে বেঁধে শিশু সন্তানকে নির্যাতনের ঘটনায় মামলা
শেয়ার করুন

মন্তব্য করুন