চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অনুমোদনহীন ফটোগ্রাফি, ভিডিও ধারণ, স্কেচ প্রণয়ন এবং তা যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচারের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সামুদ্রিক প্রবেশদ্বার এবং জাতীয় অর্থনীতি, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশের একটি গুরুত্বপূর্ণ ‘ক’ শ্রেণীর কেপিআই (Key Point Installation) হিসেবে এই বন্দরের নিরাপত্তা ও অবকাঠামোগত সুরক্ষার বিষয়সমূহ সরাসরি জাতীয় স্বার্থের সাথে জড়িত।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২-এর ১২ ধারা অনুযায়ী বন্দর সীমানার অন্তর্ভুক্ত এলাকা সংরক্ষিত স্থান হিসেবে বিবেচিত। এছাড়া Official Secrets Act, 1923-এর বিধান মতে, সংবেদনশীল স্থানের তথ্য, ছবি, নকশা বা অন্যান্য তথ্য অনুমোদন ছাড়া ধারণ ও প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বন্দরের যেকোনো সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা, জাহাজ-কার্গো ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সংরক্ষিত এলাকার দৃশ্যমান তথ্য বা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম কিংবা গণমাধ্যমে প্রকাশ করা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও গ্রহণযোগ্য নয়।
এতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সকল বন্দর ব্যবহারকারীকে এই নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন করতে হবে। অনুমোদনহীন ছবি বা ভিডিও ধারণ এবং তথ্য প্রকাশের মাধ্যমে বন্দরের নিরাপত্তা বিঘ্নিত করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন ও বন্দর কর্তৃপক্ষের বিধিমালা অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

