সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (২০২৭-২০২৮) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) নগরীর খুলশী এলাকার গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে দুই পর্বের এ অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সদ্য বিদায়ী এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু তাহের। শুরুতেই তিনি নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এ পর্বে বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট এম এ বারী, অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, মো. শামসুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন, মাহবুবুল মাওলা রিপন, অধ্যক্ষ মো. নাছির উদ্দিন এবং সদস্য সচিব সাইফুর রহমান লিংকন।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. আবু তাহের তাদের ৬ মাসের কার্যকালে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন ও এডহক কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে দিনরাত পরিশ্রম করে প্রায় নয়শত নতুন ভোটার ও আজীবন সদস্য সংগ্রহ, আইডি কার্ড প্রস্তুত এবং একটি স্মরণিকা প্রকাশের জন্য তিনি এডহক কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের নিকট এসোসিয়েশনের দায়িত্বভার হস্তান্তর করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, অধ্যাপক শামসুল কবির শামীম, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজুন্নেসা সোমা এবং কার্যনির্বাহী সদস্য দাউদ খালেদ চৌধুরী কাইজার।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “দলমত নির্বিশেষে সন্দ্বীপবাসীর জন্য এই এসোসিয়েশনকে একটি সার্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।” সন্দ্বীপের মৌলিক সমস্যা, বিশেষ করে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আগামী দুই বছর সন্দ্বীপবাসীর কল্যাণে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদায়ী কমিটি ও ভোটারদের প্রতি ধন্যবাদ জানান।

আরও পড়ুন  দেবীগঞ্জ গলাকেটে হত্যার ঘটনায় নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
শেয়ার করুন

মন্তব্য করুন