চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ‘ডায়াবেটিক রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব মোরশেদ হোসেনের

নূর মুহাম্মদ, বিশেষ প্রতিনিধি:

শেয়ার করুন

ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবিলা, আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণ, রোগ শনাক্তকরণ ও গবেষণার নতুন ক্ষেত্র তৈরির লক্ষ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ‘ডায়াবেটিক রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন হাসপাতালটির কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। তাঁর এ প্রস্তাবকে ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে সমর্থন জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি। পাশাপাশি ইনস্টিটিউট প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁরা।

বিশ্ব ডায়াবেটিস দিবস–২০২৬ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের (সিএমওএসএইচ) সম্মেলন কক্ষে আয়োজিত ‘ডায়াবেটিস সচেতনতা, প্রতিরোধ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ প্রস্তাব উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘ডায়াবেটিস বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। এ রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং দীর্ঘমেয়াদি জটিলতা মোকাবিলায় গবেষণার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসাসেবা ও শিক্ষাকার্যক্রমের সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি পূর্ণাঙ্গ ডায়াবেটিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা গেলে চট্টগ্রামসহ বৃহত্তর অঞ্চলের ডায়াবেটিস রোগীরা উপকৃত হবেন। একই সঙ্গে চিকিৎসক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।’
তিনি আরও বলেন, ‘ডায়াবেটিসকে অবহেলা করার সুযোগ নেই। সময়মতো রোগ শনাক্ত, সঠিক চিকিৎসা এবং জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারলে এ রোগের জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।


প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হাসান আকবর বলেন, ডায়াবেটিস মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি গবেষণা ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ডায়াবেটিক রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হলে তা চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। এ উদ্যোগে তাঁরা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ডায়াবেটিসের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, রোগ নির্ণয়, প্রতিরোধ, চিকিৎসা এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কিডনি, চোখ, হৃদ্‌যন্ত্র ও স্নায়ুতন্ত্রের জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. শাহরিয়ার মিলন। তিনি ডায়াবেটিসের বর্তমান পরিস্থিতি, ঝুঁকির কারণ, রোগের লক্ষণ, জটিলতা এবং প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন। আলোচনায় নিয়মিত রক্তের শর্করা পরীক্ষা, পরিমিত ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মেডিসিন বিভাগের প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা. জালাল উদ্দিন, গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান প্রফেসর ডা. তাহেরা বেগম, শিশু স্বাস্থ্য বিভাগের প্রফেসর ডা. আনোয়ারুল আজিম, চর্ম ও অ্যালার্জি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামসুন্নাহার বিনতে মান্নান, এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবু বকর এবং নিউরোমেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুসমিলা।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ট্রেজারার লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগর, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হারুন ইউসুফ ও আবুল হাসেম, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. আশরাফুল করিম, উপপরিচালক (প্রশাসন) মোশাররফ হোসেনসহ হাসপাতাল ও মেডিকেল কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, বিশ্ব ডায়াবেটিস দিবস–২০২৬-এর প্রতিপাদ্য ‘ডায়াবেটিস মোকাবিলায় প্রাথমিক পদক্ষেপ’। দিবসটি উপলক্ষে আয়োজিত এ গোলটেবিল আলোচনায় ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পথসভা ও সমাবেশ
শেয়ার করুন

মন্তব্য করুন