চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলার উদ্বোধন

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম। 

শেয়ার করুন

“ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা। ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরী ও সদস্য সচিব প্রফেসর ডাক্তার আব্বাস উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রফেসর ডাক্তার আব্বাস উদ্দিন বলেন, “ডায়াবেটিস কোনো মরণঘাতী রোগ নয়, নিয়ম-শৃঙ্খলার মাধ্যমে চিকিৎসা করলে দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব।” বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এই মেলা ১৪ নভেম্বর (শনিবার) পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে।

মেলায় স্বাস্থ্যসচেতনতামূলক বই, ওষুধ, ইনসুলিন ও ডায়াবেটিস পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন সরঞ্জামের স্টলে বিশেষ মূল্যছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি স্বল্পমূল্যে এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, ডায়াবেটিস স্ক্রিনিং এবং ডায়াবেটিক ফুটসহ হাত-পায়ের যত্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া ১৩ নভেম্বর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিগুলোর সমাপ্তি ঘটবে।

বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত: মেলার পাশাপাশি গত ১২ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১:০০ টায় চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সেমিনার হলে “ডায়াবেসিটি-যমজ মহামারী: বৈশ্বিক ফলাফল এবং ব্যবস্থাপনার আপডেট” (Decoding Diabesity-Twin Epidemics – Global Outcomes and Management Updates) শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সত্যজিৎ মল্লিক। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. সুমন রহমান চৌধুরী। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফারহানা আকতার বলেন, জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে একেবারে মূল পর্যায় থেকে, অর্থাৎ পরিবার ও শিশুকাল থেকেই ইতিবাচক ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে। তাঁর মতে, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে সুস্থ অভ্যাস গড়ে তোলার মাধ্যমে প্রতিরোধই বেশি কার্যকর ও টেকসই। শিশুরা পরিবার থেকেই খাদ্যাভ্যাস শেখে, তাই অভিভাবকদের সচেতনতাই এ ক্ষেত্রে প্রথম ধাপ। ঘরের খাবার, পরিমিত পরিমাণ, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার অভ্যাস পরিবার থেকেই শুরু হওয়া উচিত।
প্রধান অতিথি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ ডায়াবেটিস ও এর দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে আলোচনা করেন। দীর্ঘদিন রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে চোখ, কিডনি, স্নায়ু, হৃদ্‌যন্ত্র ও রক্তনালি এবং পায়ের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এসব জটিলতা রোগীর জীবনের মান কমায়, চিকিৎসা ব্যয় বাড়ায় এবং অনেক ক্ষেত্রে অকাল মৃত্যুর কারণ হয়। বিশেষ করে ডায়াবেটিসের সঙ্গে স্থূলতা যুক্ত হলে এই জটিলতার ঝুঁকি আরও বেড়ে যায়। তাই শুরু থেকেই নিয়ন্ত্রণ, নিয়মিত পরীক্ষা এবং জটিলতার প্রাথমিক শনাক্তকরণ অত্যন্ত জরুরি।
সেমিনারে বিশেষজ্ঞ প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান ডা. মাসুদ করিম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রফিক উদ্দিন।

আরও পড়ুন  বাঁশখালীতে ইসলামী আন্দোলন নেতার উপর হামলার অভিযোগ!

প্রতিবেদক (Rapporteur) হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের এফসিপিএস (প্রশিক্ষণার্থী) ডা. মো. ইব্রাহিম চৌধুরী ও ডা. রাইয়ানা ওয়ালী।

শেয়ার করুন

মন্তব্য করুন