পেকুয়া-কুতুবদিয়ার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ

৯৩২ কোটি টাকায় অরক্ষিত বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্রুতি

পেকুয়া উপজেলা (কক্সবাজার) সংবাদদাতা

শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়ার ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি পেকুয়ার মেহেরনামা ও মগনামা ইউনিয়ন এবং কুতুবদিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, উপকূলীয় এলাকার মানুষের জীবন-জীবিকা ও সম্পদ রক্ষায় প্রথম পর্যায়ে ৯৩২ কোটি টাকা ব্যয়ে অরক্ষিত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কারের পাশাপাশি পর্যায়ক্রমে টেকসই ও আধুনিক বেড়িবাঁধ নির্মাণ করা হবে বলেও জানান তিনি।

সকালে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ও আলী আকবর ডেইল সংযোগস্থলসংলগ্ন ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকিতে থাকেন। এসব ঝুঁকি কমাতে ধাপে ধাপে টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শন ও মতবিনিময় সভায় কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ, জেলা পরিষদের প্রশাসক এ.টি.এম. নুরুল বশর চৌধুরীসহ স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুতুবদিয়ার কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী পেকুয়ার মগনামা ইউনিয়নের দুর্যোগপূর্ণ শরৎঘোনা ভোলা খালসংলগ্ন বেড়িবাঁধ এবং সোনালী বাজার এলাকার ক্ষতিগ্রস্ত স্লুইসগেট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে স্লুইসগেটগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন  চৌফলদণ্ডী ইউপি চেয়ারম্যান মনজুর এর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহলের প্রোপাগান্ডা
শেয়ার করুন

মন্তব্য করুন

;