এক জীবনের সাধনা ও স্বীকৃতি

লন্ডনের ‘এফআরসিপি’ সম্মাননায় ভূষিত ডা. অসীম কুমার বড়ুয়া 

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম। 

শেয়ার করুন
চিকিৎসাশিক্ষা, গবেষণা এবং অনন্য মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত চিকিৎসা সংস্থা ‘রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস’ (Royal College of Physicians, London) থেকে সম্মানজনক ‘এফআরসিপি’ (FRCP – Fellow of the Royal College of Physicians) ডিগ্রি অর্জন করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া। আন্তর্জাতিক মানের এই বিরল সম্মাননা অর্জনের মধ্য দিয়ে চট্টগ্রামসহ পুরো দেশের চিকিৎসা অঙ্গনে বইছে আনন্দের আবহ।

এক জীবনের সাধনা ও স্বপ্নপূরণের মুহূর্ত

আন্তর্জাতিক মানের এই বিরল সম্মাননা অর্জনের পর নিজের ভেরিফাইড ফেসবুকে এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া লিখেছেন—

“এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর অধ্যয়ন, পেশাগত নিষ্ঠা এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয়। আমার এই অর্জনকে আমি আরও উন্নত চিকিৎসাশিক্ষা, মানসম্পন্ন গবেষণা এবং মানবিক চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর এক নতুন প্রেরণা হিসেবে দেখছি।”

“এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি আমার দীর্ঘ কর্মজীবনের নিরলস সাধনা, অধ্যবসায়, ত্যাগ এবং চিকিৎসা পেশার প্রতি গভীর ভালোবাসার এক অনন্য স্বীকৃতি। এই পথচলায় ছিল অনেক পরিশ্রম, অনেক প্রতিকূলতা, অনেক নীরব সংগ্রাম—আর ছিল অগণিত মানুষের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ ও অনুপ্রেরণা।”

তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন তাঁর প্রয়াত পিতা-মাতাকে। বিশেষ করে তাঁর এই অর্জনের পেছনে দিকনির্দেশক হিসেবে প্রফেসর ডা. তৃপ্তিশ স্যার ও প্রফেসর ডা. আরজু স্যারের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন, যাঁদের ঋণ তিনি কখনো শোধ করতে পারবেন না বলে জানান। পাশাপাশি তিনি তাঁর সহধর্মিণী, দুই কন্যা, পরিবারের সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সহকর্মী, শিক্ষার্থী এবং সকল শুভাকাঙ্ক্ষীর নিঃস্বার্থ সমর্থন ও ভালোবাসার কথা স্মরণ করেন।

প্রতিষ্ঠান ও মানবতার সেবায় নতুন প্রেরণা

নিজের অনুভূতি প্রকাশ করে অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া আরও বলেন,

“চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে আমি বিশ্বাস করি, ব্যক্তিগত সম্মানের প্রকৃত সার্থকতা তখনই, যখন তা আমাদের প্রতিষ্ঠান, শিক্ষার্থী, সহকর্মী এবং মানুষের সেবায় নতুন দায়িত্ববোধ সৃষ্টি করে। এই অর্জন আমাকে আরও অনুপ্রাণিত করবে চিকিৎসা শিক্ষা, গবেষণা, মানবিক চিকিৎসাসেবা এবং ভবিষ্যৎ চিকিৎসক তৈরির কাজে নিজেকে আরও নিবেদিত করতে।”

তিনি আরও যোগ করেন, “সম্মান আমাকে গর্বিত করেছে, আর সেই সম্মানের মর্যাদা রক্ষা করার দায়িত্ব আমাকে আরও বিনয়ী করেছে। সকলের আশীর্বাদ নিয়ে আগামী দিনগুলোতেও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

আরও পড়ুন  নবী (দ:)'র বিশ্বস্থ সহচর হিসাবে জীবন উৎসর্গ করেছেন সিদ্দিক আকবর (রাঃ)

হাসপাতাল পরিবার ও চিকিৎসা মহলের অভিনন্দন

আন্তর্জাতিক অঙ্গনে অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়ার এই বিশাল স্বীকৃতিতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবার, স্থানীয় চিকিৎসা সমাজ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন, পেশাগত উৎকর্ষের পাশাপাশি মানবিক সেবার এই উজ্জ্বল দৃষ্টান্ত তরুণ চিকিৎসক ও চিকিৎসাশিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।
শেয়ার করুন

মন্তব্য করুন

;