সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম-এর ২০২৭-২০২৮ সেশনের আসন্ন নির্বাচনের ঘোষিত তফসিল হঠাৎ সংশোধন করে ভোটগ্রহণের তারিখ ও কেন্দ্র পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। কোনো যৌক্তিক কারণ ছাড়া হঠাৎ এ পরিবর্তনের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি প্রার্থী মোশাররফ হোসেন সহ সাধারণ সদস্য ও নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশনের এ বিজ্ঞপ্তি প্রকাশের পরই বিতর্ক ও প্রতিবাদের সৃষ্টি হয়। সংগঠনটির
সভাপতি প্রার্থী মোশাররফ হোসেন এক প্রতিক্রিয়ায় জানান, “কোনো যৌক্তিক কারণ ছাড়াই সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের আসন্ন নির্বাচন পেছানোর সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশনের এ অযৌক্তিক সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়াকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।”
তিনি আরোও বলেন, নির্বাচন কমিশনের এ ধরনের হটকারী ও অযৌক্তিক সিদ্ধান্তের আলোকে তিনি অভিযোগ করেন, সাধারণ ভোটার ও প্রার্থীদের মতামতকে তোয়াক্কা না করে হঠাৎ করে নির্বাচন পেছানো অ্যাসোসিয়েশনের গণতান্ত্রিক চর্চাকে চরমভাবে ব্যাহত করছে।
নেটিজেনদের প্রতিক্রিয়া:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বিষয়টি নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে। হাসান রুবেল (Hasan Robel) লিখেছেন, “কোন প্রকার যৌক্তিক কারণ ছাড়া সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম এর নির্বাচনের তারিখ পিছিয়ে দেয়া হয়েছে, এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।”
তারিখ ও কেন্দ্র উভয় পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে এম এ কাদের টিটু (M A Kader Titu) লিখেছেন, “সন্দ্বীপ এসোসিয়েশন নির্বাচনের তারিখ ও স্থান পরিবর্তনের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি।” তিনি দাবি জানান, পূর্বনির্ধারিত তারিখ ও স্থানেই ভোটগ্রহণ করতে হবে এবং কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর সুবিধার্থে একতরফা সিদ্ধান্ত না নিয়ে সকলের মতামত নিতে হবে। নিরপেক্ষতা নিশ্চিত না করলে কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলেও তিনি সতর্ক করেন।
সংগঠনের ঐতিহ্য রক্ষার আহ্বান জানিয়ে শামছুল আরেফিন শাকিল লিখেছেন, “মেরুদণ্ড সোজা না থাকলে অনেক মহৎ উদ্যোগও শেষ পর্যন্ত প্রহসন মনে হয়। ঐতিহ্যের ভার বহন করা সহজ, কিন্তু ঐতিহ্যের মর্যাদা রক্ষা করতে হলে মেরুদণ্ডও সোজা রাখতে হয়। প্রায় আট দশকের দীর্ঘ ঐতিহ্যের মর্যাদা অক্ষুণ্ন রেখে সবার প্রিয় এই সংগঠনটি দায়িত্বশীলতা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখুক—এই প্রত্যাশাই করি।”
সাধারণ ভোটারদের দাবি, নির্বাচন ঘিরে তৈরি হওয়া এই ধোঁয়াশা কাটাতে অবিলম্বে সংশোধিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে হবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি ও সংশোধিত তফসিল: গত ৩ অক্টোবর ২০২৬ ইং তারিখে নির্বাচন কমিশনার কার্যালয় থেকে প্রকাশিত এক সাধারণ বিজ্ঞপ্তিতে ‘সংশোধিত নির্বাচনী তফসিল- ২০২৭-২০২৮’ ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দ্বীপ অ্যাসোসিয়েশন চট্টগ্রামের গঠনতন্ত্রের ২২(গ)(৯) উপধারা এবং নির্বাচন সংক্রান্ত প্রচারিত নীতিমালার ২১ অনুচ্ছেদ মোতাবেক নির্বাচনী তফসিলে নিম্নরূপ পরিবর্তন আনা হয়েছে:
১. ভোটগ্রহণের তারিখ: আগামী ১৬/১০/২০২৬ ইং শুক্রবারের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮/১০/২০২৬ ইং শনিবার। ২. ভোটগ্রহণের সময়: সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত।
৩. ভোটগ্রহণ কেন্দ্র: পূর্বঘোষিত ‘হালিশহর হাউজিং সেটেলমেন্ট এন্ড পাবলিক স্কুল’-এর পরিবর্তে নতুন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ‘ইডেন প্যালেস কমিউনিটি সেন্টার’ (ওয়াবদা মোড় সংলগ্ন, পিসি রোড, হালিশহর, চট্টগ্রাম)।
৪. পূর্বঘোষিত নির্বাচনী তফসিলের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

