ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৬ সালের নির্বাচনে (মেয়াদ ২০২৭–২০২৮) চট্টগ্রাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (ইআরসি) পদে বিজয়ী হয়েছেন ইঞ্জি. মোহাম্মদ আরিফ হাসান চৌধুরী। নির্বাচনে মোট ১ হাজার ৯৯৫টি কাস্টিং ভোটের মধ্যে তিনি ৯২৭ ভোট পেয়ে এই পদে নির্বাচিত হন।
নির্বাচন-পরবর্তী এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইঞ্জি. মোহাম্মদ আরিফ হাসান চৌধুরী দল-মত নির্বিশেষে সকল ভোটার ও প্রকৌশলীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই বিজয় সকলের সম্মিলিত ভালোবাসা, আস্থা ও সমর্থনের প্রতিফলন। অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের দিন অনেকেই এসে বলেছেন, ‘স্যার, শুধু আপনাকেই ভোট দিতে এসেছি’—এটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”
তিনি বিশেষভাবে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী, অ্যালামনাই, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি)-এর সকল সদস্য, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন ফার্ম ও প্রযুক্তি খাতে কর্মরত প্রকৌশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নিজের জন্মস্থান রাঙ্গুনিয়ার যেসব প্রকৌশলী ব্যক্তিগত ব্যস্ততা উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়িয়েছেন ও মূল্যবান ভোট দিয়ে সম্মানিত করেছেন, তাদের প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে ইঞ্জি. আরিফ হাসান চৌধুরী বলেন, “প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইইবির আধুনিকায়ন এবং পেশাজীবীদের সার্বিক কল্যাণে আমি সব সময় আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।” আগামী দিনগুলোতেও তিনি সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

