কক্সবাজারে বিজিবির জোড়া অভিযানে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ-উখিয়ায় ১৩ কোটি ৮০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪

নূর মোহাম্মদ,বিশেষ প্রতিনিধি:

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় শাকিলসহ চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি জানায়, গত ১৯ অক্টোবর রাত ১০টার দিকে টেকনাফ থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান হোয়াইক্যং চেকপোস্টের কাছে পৌঁছালে তল্লাশি চালানো হয়।
এ সময় কাভার্ড ভ্যানের পেছনে সিট কাভারের নিচে বিশেষ কৌশলে লুকানো ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. সাইফুল ইসলামকে (৩৬) আটক করা হয়। তিনি চট্টগ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন রাত ১২টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে সন্দেহজনকভাবে চলাচল করা তিনজনকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—রাসেল (২৩), খাইরুল আমিন (২৪) ও শাকিল (২২)।

বিজিবির ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি খাল থেকে আরও ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুটি অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।
৬৪ বিজিবি জানায়, আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে। মাদক চোরাচালান সম্পর্কে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন  ভাটিয়ারিতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
শেয়ার করুন

মন্তব্য করুন

;