বাঁশখালীর মানুষকে ছোট করার মানসিকতা ছিল না',  আমি বলতে চেয়েছিলাম ‘সাহসী’ : ডা: শাহাদাত 

বাঁশখালীবাসীর কাছে ক্ষমা চাইলেন চসিক মেয়র ডা. শাহাদাত

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ;

শেয়ার করুন
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি খণ্ডিত ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বাঁশখালীর সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশখালীবাসীর উদ্দেশে একটি বিবৃতি দিয়ে তিনি নিজের বক্তব্য স্পষ্ট করেন।
ভাইরাল ভিডিও ও জনক্ষোভের সূত্রপাত:
সম্প্রতি নেট দুনিয়ায় চসিক মেয়রের একটি খণ্ডিত ভিডিও বার্তা ভাইরাল হয়। ভিডিওতে এক দোকানিকে উদ্দেশ্য করে মেয়রকে বলতে শোনা যায়, “বাঁশখাইল্লা পোয়া অক্কল বেশি সন্ত্রাসী” (বাঁশখালীর ছেলেরা বেশি সন্ত্রাসী)। ভিডিওটি ছড়িয়ে পড়ার সাথে সাথে বাঁশখালীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে শুরু করেন।
দুঃখ প্রকাশ করে বিবৃতিতে যা বললেন মেয়র:
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মেয়র ডা. শাহাদাত হোসেন ফেসবুকে একটি পোস্ট দিয়ে সরাসরি দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন:
Bashkhali niye je comments ta social media aseche i am really sorry for that … in real sense Ame bolte cheyechilam sahoshi .. i know you got hurt for my comments.. i am really sorry for my comments..”
(অর্থাৎ: বাঁশখালী নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্যটি এসেছে, সেটির জন্য আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত… প্রকৃতপক্ষে আমি বোঝাতে চেয়েছিলাম ‘সাহসী’। আমি জানি আমার মন্তব্যের কারণে আপনারা কষ্ট পেয়েছেন… আমার এই বক্তব্যের জন্য আমি সত্যি ক্ষমা চাচ্ছি।)
ভুল বোঝাবুঝির অবসান ও সম্প্রীতির আহ্বান:
চসিক মেয়র জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের ভিডিও যেভাবে প্রচার বা ব্যাখ্যা করা হয়েছে, তা সম্পূর্ণ অনভিপ্রেত ছিল। চট্টগ্রামের সার্বিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাঁশখালীর মানুষের বিশাল অবদানের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, চসিকের প্রথম সফল মেয়রও ছিলেন বাঁশখালীরই এক কৃতি সন্তান। তাই বাঁশখালীর মানুষকে ছোট করার কোনো উদ্দেশ্য বা মানসিকতা তাঁর কখনোই ছিল না।
মেয়র তাঁর দুঃখ প্রকাশের পাশাপাশি সবাইকে যেকোনো ধরনের উস্কানিমূলক অপপ্রচার থেকে দূরে থাকার এবং চট্টগ্রামের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে অনভিপ্রেত সেই ভিডিওটি এবং তা সম্পর্কিত ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পরবর্তীতে সরিয়ে নেওয়া (ডিলিট) হয়েছে।
আরও পড়ুন  লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল  ১০ জন নিহত
শেয়ার করুন

মন্তব্য করুন

;