রেল ও সড়কপথ অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা ছয়টি গ্রাম পুনর্বহালের দাবিতে রেল ও সড়কপথ অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সদর উপজেলাকে ভেঙে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে আজ রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে এই কর্মসূচি পালন করেন তারা।

অবরোধের ফলে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

যে কারণে বিক্ষোভ

স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম আলাদা করে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয় এবং সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয় গত ৪ জুন।

শুরু থেকেই স্থানীয়রা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আসছিলেন। এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে।

স্থানীয়দের দাবি, জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত

রবিবার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকার রেললাইন এবং আখাউড়া স্থলবন্দর সড়কে অবস্থান নেন বিক্ষুব্ধ এলাকাবাসী। অনেকের মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।

এই অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এর মধ্যে পারাবত এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

প্রশাসনের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।

আরও পড়ুন  চট্টগ্রামে যুবদলের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় গ্রেপ্তার ৮
শেয়ার করুন

মন্তব্য করুন