কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাস্টার কামাল উদ্দিন আহমদের সহধর্মিণী মরহুমা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা মমতাজ বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, আত্মীয়স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মৃত্যুকালে তিনি স্বজন, গুণগ্রাহী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শিলখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বয়োজ্যেষ্ঠদের ভাষ্যমতে, শিলখালী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় মরহুম মাস্টার কামাল উদ্দিন আহমেদের পাশে থেকে মমতাজ বেগম গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি স্বামীর শিক্ষা বিস্তারের উদ্যোগে তাঁর নেপথ্য সহযোগিতা বিদ্যালয় প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রেখেছিল। তাঁদের মতে, মমতাজ বেগমের সেই সহযোগিতা পেকুয়ার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তি সুদৃঢ় করার ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে।
মরহুমা মমতাজ বেগমের মৃত্যুতে তাঁর স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

