পেকুয়ায় ভোলা খালের চরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নূর মোহাম্মদ, পেকুয়া,কক্সবাজার ;

শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়ায় ভোলা খালের জেগে উঠা চরে গড়ে তোলা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার বারবাকিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোলা খালের জেগে উঠা চরের বারবাকিয়া বাজার অংশে একটি অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকান ঘর ভেঙে ফেলা হয়। নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম।

বারবাকিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আফছার কামাল জানান, শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকার সৌদি প্রবাসী আবদুল শুক্কুর ভোলা খালের সরকারি জায়গা দখল করে পাকা দোকান নির্মাণ করছিলেন। উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বারবার নিষেধাজ্ঞা দেওয়া হলেও তিনি নির্মাণকাজ অব্যাহত রাখেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালিয়ে স্থাপনাটি ভেঙে ফেলা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, “নদীর চরে অবৈধভাবে নির্মাণকাজ জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে। নদীর জমি জাতীয় সম্পদ—এ জায়গা কেউ অবৈধভাবে দখল করলে জিরো টলারেন্স নীতি অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে বারবাকিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহছেনা আক্তার, ইউপি সদস্য মো. ইউনুস ও আনছার হোসেনসহ পেকুয়া থানা পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন  রাউজান সাহিত্য পরিষদের সভাপতি ইমন, সম্পাদক রানা
শেয়ার করুন

মন্তব্য করুন