লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচা কামাল হোসেনের হামলায় ভাতিজা সানোয়ার হোসেন (২৯) নামের ওয়ার্ড জামায়াতের আমীরের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানোয়ারের মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) কেও পিটিয়ে আহত করা হয়।সানোয়ার হোসেন আবদুর রহমান নামের (১) এক ছেলে সন্তানের জনক।
পুলিশ এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) নামের দুইজনকে আটক করে।
সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়ীর কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের।
আজ শনিবার দুপুর ১২টার দিকে তার স্বামী সানোয়ার হোসেন বাড়ীর পুকুরের ঘাটলায় যাওয়ার কিছুক্ষণ পর চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। একই সময় চাচা কামাল হোসেন তার ছেলে রাকিব ও রাহাত সানোয়ারের মা হাসিনা বেগম ও ভাই আরিফ হোসেনকে পিটিয়ে আহত করে।
হসপিটালে আহত সানোয়ার হোসেনের মা হাসিনা বেগম জানান, কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের উপর হামলা ও মারধর করে। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে আমার ছেলে সানোয়ারের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী জানান, জমি সংক্রান্ত বিষয়ে তাদের পারিবারিক দ্বন্দ্বে এমনটি ঘটেছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং মূল আসামী কামাল হোসেনকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল বারী জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। লাশ উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।


