বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় বলতে হয়—
“তেত্রিশ বছর কেটে গেলো, কেউ কথা রাখেনি।”
বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি ও দোকানের প্লট উদ্ধার হয়নি দীর্ঘ ৩৩ বছরেও। বিদ্যালয়ের ১৩টি দোকানের মধ্যে ১২টি প্লট অবৈধভাবে দখলে রেখেছেন স্থানীয় প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা। আদালতে মামলা ও ৪২ বার আবেদন করেও জমি উদ্ধার করতে পারেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬০ সালে চাম্বি মৌজার ১৮নং খতিয়ানের ১৯২ ও ১৯৩নং দাগের আড়াই একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৭৩২ শিক্ষার্থী নিয়ে এটি ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান।
অভিযোগ রয়েছে, ১৯৯২ সালে তৎকালীন প্রধান শিক্ষক ইকবাল আহছানের সময়ে প্রথম দোকান প্লট দখল করেন এইচ এম আবু জাহাঙ্গীর চৌধুরী। পরে তিনি আরও তিনটি দোকান দখল করেন। এ ঘটনায় মামলা হলেও কয়েক মাস ভাড়া দেওয়ার পর তিনি ভাড়া বন্ধ করে দেন। আবু জাহাঙ্গীর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন কোং এর ভগ্নিপতি।
তার পরই ইসহাক ভূইয়া, জাকারিয়া, আব্দুল লতিফ, লকিয়ত উল্লাহ ও রফিকসহ আরও কয়েকজন ৯টি দোকান প্লট দখলে নেন। তাদের মধ্যে একজন ছাড়া কেউ ভাড়া দিচ্ছেন না। অভিযোগ রয়েছে, কেউ কেউ এসব দোকান উপ-ভাড়া দিয়ে মাসে মোটা অঙ্কের টাকা তুলছেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্যরা জানান, সাবেক চেয়ারম্যান ও পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন নিজের মর্জিমত নামমাত্র ভাড়ায় ভগ্নিপতি জাহাঙ্গীরকে চারটি দোকান ভাড়া দেখালেও তাতে প্রধান শিক্ষক স্বাক্ষর করেননি। কয়েক মাস ভাড়া দেওয়ার পর জাহাঙ্গীর তা বন্ধ করে দেন।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, “বিদ্যালয়ের প্রায় ৩০ শতক জমি দখলে আছে। আমরা আদালতসহ বিভিন্ন দপ্তরে ৪২ বার লিখিত আবেদন করেছি। কিন্তু এখনো দোকানগুলো দখলমুক্ত হয়নি।”
লামা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তদন্তে জমি দখলের সত্যতা পাওয়া গেছে এবং প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেওয়া হয়েছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “তদন্ত রিপোর্টে দখলের সত্যতা প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকের অনুমতিক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকরা অবিলম্বে দোকানের প্লট উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


