জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের ব্যানারে শহরের দক্ষিণ তেমুহনী থেকে মিছিলটি শুরু হিয়৷ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে মিছিল শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম, লক্ষ্মীপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান সেক্রেটারি হারুনুর রশিদ প্রমুখ।
বক্তারা বলেন, জুলাইয়ের বীরদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। যারা বিপ্লবকে পছন্দ করেন নাই, আন্দোলনের কারনে দিল্লি যেতে বাধ্য হয়েছে, সেই শেখ হাসিনার দোসররাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না। কালো টাকা, চাঁদাবাজি মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য সর্ব পর্যায়ের ৭১ শতাংশ মানুষ পিআর নির্বাচনের পক্ষে তাদের রায় প্রদান করেছে। পিআর পদ্ধতিতেই আগামীতে নির্বাচন দিতে হবে। জনগণের কল্যাণে এ দাবী মেনে নিতে হবে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীপুরের রায়পুর, রামগঞ্জ, রামগতি, চন্দ্রগঞ্জ ও কমলনগরে জামায়াত বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।


