সুনামগঞ্জের মধ্যনগরে রূপেসর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) 

শেয়ার করুন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রূপেসর হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে বিল মালিকপক্ষের সঙ্গে স্থানীয় জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন। এর মধ্যে বিল মালিকপক্ষের এক পাহারাদার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কয়েকজন জেলে দলবদ্ধ হয়ে রূপেসর হাওরে মাছ ধরতে গেলে বিল মালিকপক্ষের পাহারাদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত জেলেদের একটি অংশ মধ্যনগর বাজারে বিল মালিকপক্ষের ভাড়া করা ঘরে হামলা চালায়। এসময় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বিল রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত একটি নৌকা জোরপূর্বক নিয়ে যায় তারা। এতে এক পাহারাদারকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বিল মালিকপক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তাদের দাবি, বিলটির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে এবং তারা সরকারের নিয়ম মেনে বিল পরিচালনা করছেন। অপরদিকে, জেলেদের অভিযোগ—সংশ্লিষ্ট বিলটি অবৈধভাবে দখল করা হয়েছে এবং সংঘর্ষে তাদের পক্ষ থেকেও একজন আহত হয়েছেন।

নয়াপাড়া একতা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক হেলিম মিয়া বলেন, “রূপেসর হাওরের বিলটি শতভাগ বৈধভাবে আমাদের কাছে রয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী ছয় বছরের জন্য আমরা বিলটি ইজারা নিয়েছি এবং প্রয়োজনীয় সব কাগজপত্র আমাদের হাতে আছে। অথচ একটি পক্ষ হঠাৎ করে নিজেদের দাবি প্রতিষ্ঠার জন্য হামলা ও ভাঙচুর চালিয়েছে। শুধু হামলাই নয়, রক্ষণাবেক্ষণের নৌকাও চিনিয়ে নিয়ে গেছে। আমরা প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান সাংবাদিকদের বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন  হাতিয়ার হরণী ইউপিতে ৮১৫ কৃষকের মাঝে রবি শস্য প্রণোদনা বিতরণ 
শেয়ার করুন

মন্তব্য করুন