সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ৩২ মণ্ডপে দুর্গোৎসব শুরু

মোঃ কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ)

শেয়ার করুন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আজ (২৮ সেপ্টেম্বর) বেল ষষ্ঠীর বোধনের মাধ্যমে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। উপজেলার চারটি ইউনিয়নের মোট ৩২টি পূজা মণ্ডপে এ বছর দুর্গোৎসব পালিত হচ্ছে। রোববার(২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর মন্দিরে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মো. মনিবুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন শাকিল মাহমুদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ ও সৌহার্দ্যের উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করব। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

বাকাতলা সর্বজনীন পূজা মণ্ডপের সভাপতি হাস্য লাল ও সাধারণ সম্পাদক নিরঞ্জন বিশ্বাস জানান, “এ বছর আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজা উদযাপন করছি। সর্বস্তরের মানুষের কাছ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি।”

পঞ্জিকা অনুযায়ী, আজ থেকে (২৮ সেপ্টেম্বর) পূজার আনুষ্ঠানিক সূচনা হয়েছে। পূজা চলবে সপ্তমী, অষ্টমী ও নবমী পর্যন্ত। আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় উৎসবের সমাপ্তি হবে।

উপজেলার ৩২টি মণ্ডপের মধ্যে মধ্যনগর সদর ইউনিয়নে ১১টি, চামরদানী ইউনিয়নে ৯টি, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নে ৯টি এবং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে ৩টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন  ৫ আগস্ট হাসিনার ১ হাজার কলরেকর্ড মুছে ফেলা হয় এনটিএমসি মহাপরিচালকের নির্দেশে
শেয়ার করুন

মন্তব্য করুন