পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামী উদ্যোগে “ওলামা-মাশায়েখ সম্মেলন–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বিকাল ২টা ৩০ মিনিটে পেকুয়ার আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ সমবায় কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার শহর জামায়াতের আমীর ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল ফারুক।
উপজেলা ওলামা বিভাগের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন ও মাওলানা আনসারুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ও কক্সবাজার মহিলা আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শফিউল হক জিহাদী।
প্রধান অতিথি মাওলানা আব্দুল্লাহ আল ফারুক বলেন, “দীনের প্রচার ও প্রসারে এ দেশের আলেম সমাজের অবদান অনস্বীকার্য। রাসূলুল্লাহ (সা.) বলেছেন— ‘আলেমরা নবী-রাসূলদের উত্তরসূরি।’ তাই দ্বীন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠনে আলেম সমাজের নেতৃত্ব অপরিহার্য।” তিনি আরও বলেন, “জামায়াতের নেতৃবৃন্দ দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও আমানতের যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও জাতির জন্য অনুকরণীয়। বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা এক আলেম হজের বেঁচে যাওয়া টাকা হাজীদের ফেরত দিয়ে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
প্রধান বক্তা মাওলানা শফিউল হক জিহাদী বলেন, “ঐক্য এমন এক শক্তি, যার সামনে কোনো সাম্রাজ্যবাদী শক্তিও টিকে থাকতে পারে না।” তিনি আলেম সমাজকে নব্য ফ্যাসিবাদের আগ্রাসন মোকাবেলায় দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েত উল্লাহ, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা ফরিদ আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আলী আজগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইমতিয়াজ উদ্দীন ও এডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু। সমাপনী বক্তব্য প্রদান করেন সম্মেলনের সভাপতি অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদী।


