চট্টগ্রামে ভাঙা হলো ৫ ভবনের অবৈধ অংশ, একটি সিলগালা, ২০ লাখ টাকা জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

শেয়ার করুন

চট্টগ্রাম নগরে নকশা বহির্ভূত অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নগরের পতেঙ্গা, ইপিজেড ও বন্দর এলাকায় পরিচালিত এই অভিযানে পাঁচটি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয় এবং একটি ভবন সিলগালা করা হয়। একই সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সিডিএ সূত্রে জানা যায়, নকশা বহির্ভূতভাবে নির্মিত ভবনগুলোর মালিকদের আগে নোটিশ দেওয়া হলেও তারা তা উপেক্ষা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এছাড়া সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ থেকে নিজেরাই অননুমোদিত অংশ অপসারণের লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল ইসলাম এবং অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।

অথরাইজড অফিসার তানজিব হোসেন বলেন, “নগরীকে পরিকল্পিত ও বাসযোগ্য রাখতে সিডিএ নিয়মিত নকশা বহির্ভূত নির্মাণবিরোধী অভিযান পরিচালনা করছে। অনুমোদিত নকশার বাইরে কোনো ভবন নির্মাণ করলে তা সহ্য করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, নগরবাসীর মধ্যে ভবন নির্মাণ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সিডিএ অনুমোদন ছাড়া নির্মাণ রোধে ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এজিএম সেলিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াছ আক্তার, মোহাম্মদ হামিদুল হক, ইমারত পরিদর্শক মোহাম্মদ তোফায়েল হোসেন, বিমান বড়ুয়া, এ এস এম মিজান, মো. শাহদাত হোসাইন, সৈকত চন্দ্র পাল, গৌরাঙ্গ চন্দ্র পাল ও মিথু চৌধুরী।

সিডিএ কর্তৃপক্ষ জানায়, নগরের সৌন্দর্য, নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষায় অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণের বিকল্প নেই। তাই নগরবাসীকে আইন মেনে নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন  রাউজানের সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর সিইপিজেড এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব
শেয়ার করুন

মন্তব্য করুন