নভেম্বরের ২য় সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: তথ্য উপদেষ্টা

পুর্বধারা ডেস্কঃ

শেয়ার করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার যে অঙ্গীকার নিয়ে এসেছে, তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং রায়ও ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করব— সেটি বাস্তবায়নের পথে। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচার হবে এবং একটি রায় ঘোষণা করা হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যথা লাঘব হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকের বিরুদ্ধেই ট্রাইব্যুনালে বিচার চলছে। যারা ছাত্র-জনতাকে হত্যা বা গুমের সঙ্গে জড়িত ছিলেন, তাদেরও বিচার হবে। ট্রাইব্যুনালের কার্যক্রম অব্যাহত থাকবে। পরবর্তী সরকার যারা আসবেন, তারাও এ বিচার কাজ এগিয়ে নেবেন।’

সংস্কার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘সংস্কার কার্যক্রমে আমরা অনেক দূর এগিয়েছি। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে জুলাই সনদে স্বাক্ষর করেছে— এটি বাংলাদেশের জন্য এক বড় অর্জন। এর মাধ্যমে বাংলাদেশ এক নতুন পর্বে প্রবেশ করেছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেই লক্ষ্য বাস্তবায়িত হবে। সেখানে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। গুম-খুনের মতো ভয়াবহতা আর ফিরে আসবে না।’

আরও পড়ুন  জোটের প্রার্থী হলেও ভোটের মাঠে লড়তে হবে নিজ দলের প্রতীকে
শেয়ার করুন

মন্তব্য করুন