দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই শাহজাহান

জেলা মজলিসে শূরার সাধারণ অধিবেশনে

নূর মুহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা মজলিসে শূরার সাধারণ অধিবেশন বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজার শহরের হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, “শহীদ ওসমান হাদীর নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশকে অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত গভীর ষড়যন্ত্রের অংশ।”
তিনি বলেন, অতীতেও যখনই জনগণ ন্যায্য অধিকার, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের পক্ষে সোচ্চার হয়েছে, তখনই রাজনৈতিক হত্যাকাণ্ড, গুম ও দমন-পীড়নের পথ বেছে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “এ ধরনের হত্যাকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে গণতান্ত্রিক ও ইসলামী আন্দোলন এবং আধিপত্যবাদবিরোধী চলমান আন্দোলনকে দমিয়ে রাখার অপচেষ্টা চলছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—রক্তের স্রোত দিয়ে কোনো আদর্শকে দমন করা যায় না; শহীদদের রক্তই আন্দোলনকে আরও বেগবান করে।”
মুহাম্মদ শাহজাহান শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, “আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে এমন ঘটনা আরও বাড়বে, যা রাষ্ট্র ও সমাজকে গভীর সংকটে ঠেলে দেবে।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, “দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র পথ হলো জাতীয় ঐক্য। দলীয় সংকীর্ণতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে দেশপ্রেমিক, গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রেমী শক্তিগুলোকে জুলাই বিপ্লবের পূর্ববর্তী সময়ের মতো আবারও ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে।”
জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর, মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, কক্সবাজার-১ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক এবং কক্সবাজার-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মুফতী মুহাম্মদ হাবিবুল্লাহ, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকীসহ বিভিন্ন উপজেলা আমীর ও শূরা সদস্যবৃন্দ।

আরও পড়ুন  তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী ধর্ষণ, অন্তঃসত্ত্বা, কিশোরী
শেয়ার করুন

মন্তব্য করুন