বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল খাবার খেয়ে মানুষ কিডনি বিকল, হার্ট অ্যাটাক, ক্যান্সারসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া দেশে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার কোনো নজির নাই। ফলে তারা শুধু জরিমানার অংক গুণেই ফের একই কাজ করতে থাকে।
জানা গেছে, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ–১৯৫৯ (সংশোধিত ২০০৫) এ খাদ্য ভেজাল পাওয়া গেলে সর্বোচ্চ ১ বছর সশ্রম কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এ সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড বা অনধিক ২ লক্ষ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। নতুন প্রণীত নিরাপদ খাদ্য আইন–২০১৩ তে জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়িয়ে ৫ বছর কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। কিন্তু বাস্তবে এসবের খুব একটা প্রয়োগ হয় না বললেই চলে।
ভোক্তারা বলছেন, ভেজাল বিরোধী অভিযানে দেখা যায়–প্রশাসন প্রায় সময় জরিমানা দিয়েই দায় সারে। কিন্তু জরিমানার পরিবর্তে যদি অপরাধীদের জেল দেয়া যায়, তাহলে অপরাধের প্রবণতা কমতো। আবার দেখা যায়, প্রশাসন জরিমানা দেয়ার পরে তিন মাস আর ওই প্রতিষ্ঠানের আশপাশেও যায় না। ফলে ওই অপরাধী একই ধরনের কাজে আবারো বেপরোয়া হয়ে উঠে। যেসব প্রতিষ্ঠানকে শাস্তি দেয়া হচ্ছে, তাদের ফলোআপে রাখা দরকার। এছাড়া প্রতিষ্ঠানগুলোর মালিকদের সাথে নিয়মিত মতবিনিময় হওয়া দরকার।
জানতে চাইলে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ জানান, আমরা ভেজাল খাদ্যপণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানাতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। একই প্রতিষ্ঠান যখন দ্বিতীয়বার অনিয়ম করে তখন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি। দ্বিগুণ জরিমানা এবং প্রতিষ্ঠান বন্ধও করে দিচ্ছি।


