প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং তার স্ত্রী ও কন্যাদের নামে থাকা সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহাসিন মুনাবীল হক ব্যাংক হিসাব অবরুদ্ধ ও সম্পত্তি জব্দের আবেদন করেন।
আদালতের আদেশ অনুযায়ী, সাইফুল আলমের ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি হিসাবে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী লুবনা আফরোজা এবং দুই কন্যা সারাহ জুমানা ও জারিফা বিনতে আলমের নামে ট্রাস্ট সিটি প্রকল্পে থাকা ৫ কাঠা জমি জব্দ করা হয়েছে, যার মূল্য ২ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা।
আবেদনে উল্লেখ করা হয়, সাইফুল আলমের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি তদন্ত টিম গঠন করেছে দুদক। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, তিনি ও তার পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
এছাড়া, তার স্ত্রী ও দুই কন্যার নামে প্লট ক্রয়ের জন্য জমা রাখা অর্থ (যার রেজিস্ট্রেশন এখনও সম্পন্ন হয়নি) উত্তোলনের মাধ্যমে অপরাধলব্ধ সম্পদ গোপনের চেষ্টা চলছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
দুদক জানায়, অনুসন্ধান শেষ হওয়ার আগেই এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে সেগুলো উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তাই ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পত্তি জব্দ করা একান্ত প্রয়োজনীয়।


