তাড়াইলে টপি রানী নামের এক নারীর রহস্যময় মৃত্যু নিয়ে গুঞ্জন 

স্বামীর সঙ্গে স্বাভাবিক কথা, কিছুক্ষণের মধ্যেই নিথর দেহ— 

আমিনুল ইসলাম রিপন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

শেয়ার করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় হৃদয়বিদারক এক ঘটনায় টপি রানী পাল (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল ২০২৬) দিবাগত গভীর রাতে উপজেলার নগরকুল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টপি রানী পাল প্রতিদিনের মতো সেদিনও নিজের এক বছর বয়সী জমজ দুই ছেলে সন্তানকে নিয়ে রাতের খাবার শেষে ঘুমাতে যান। রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভাঙে শ্বশুর বকুল চন্দ্র পালের।

তিনি জানান, “শব্দ শুনে আমার স্ত্রীকে নিয়ে টপি রানীর ঘরের দরজা খুলে দেখি সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমরা চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকি এবং আমার ছেলেকে ফোনে বিষয়টি জানাই।”
স্বামী তাপস চন্দ্র পাল জানান, চাকরির কারণে তিনি শরীয়তপুরে অবস্থান করছিলেন। ঘটনার কিছু সময় আগেও স্ত্রীর সঙ্গে তার স্বাভাবিক কথাবার্তা হয়েছিল। “খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই,” বলেন তিনি।
জানা গেছে, টপি রানী পাল নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের হিমাংশু পালের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
তিনি আরও জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন মৃত্যুর পেছনের কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে নানাবিধ প্রশ্ন ও আলোচনা-সমালোচনা  চলছে।

আরও পড়ুন  বান্দরবানের সোনালী ব্যাংকে সন্ত্রাসীদের হানা, ম্যানেজারকে অপহরণ
শেয়ার করুন

মন্তব্য করুন