দেশব্যাপী হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ সোমবার থেকে শুরু হয়েছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। সরকারের এই বৃহৎ উদ্যোগের আওতায় প্রায় ১ কোটি ৮০ লাখ (পৌনে দুই কোটি) শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন জেলা, উপজেলা এবং সিটি করপোরেশন এলাকায় এই কার্যক্রম শুরু হয়েছে এবং নির্ধারিত সময় অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত ও অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণ রোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করা গেলে দেশে হামের বিস্তার দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
তবে স্বাস্থ্য অধিদপ্তর কিছু সতর্কতার কথাও জানিয়েছে। যেসব শিশুর বর্তমানে জ্বর রয়েছে বা অসুস্থ, তাদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যারা সম্প্রতি প্রথম ডোজ গ্রহণ করেছে কিন্তু চার সপ্তাহ পূর্ণ হয়নি, তাদের ক্ষেত্রেও আপাতত টিকা দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অভিভাবকদের সচেতনতা এবং সময়মতো টিকা গ্রহণই শিশুদের মারাত্মক এই সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে সবচেয়ে কার্যকর উপায়।


