এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’

পেকুয়ায় ক্যাশলেস লেনদেনের প্রচারে পূবালী ব্যাংকের তিন দিনের ক্যাম্পেইন

পেকুয়া উপজেলা (কক্সবাজার) সংবাদদাতা

শেয়ার করুন

নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনে মানুষকে উৎসাহিত করতে কক্সবাজারের পেকুয়ায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে তিন দিনব্যাপী ‘ক্যাশলেস পেকুয়া’ ক্যাম্পেইন শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পূবালী ব্যাংকের পেকুয়া উপশাখা প্রাঙ্গণে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। ‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মেজবাহ উদ্দিন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া শাখার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ও চাম্বল উপশাখার ব্যবস্থাপক মো. রিদুয়ান করিম।
পেকুয়া শাখার ব্যবস্থাপক মো. মোর্শেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইদ্রিস বাদশা। এ সময় পেকুয়া বাজারের সিনিয়র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আরও সম্পৃক্ত করতে ডিজিটাল লেনদেনের প্রসার জরুরি। ‘বাংলা কিউআর’-এর মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদে লেনদেনের পাশাপাশি সময় সাশ্রয় ও লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।
তারা আরও বলেন, নগদ অর্থের ওপর নির্ভরতা কমিয়ে ক্যাশলেস লেনদেনের পরিধি বাড়াতে ব্যাংক ও গ্রাহক—উভয় পক্ষের সচেতনতা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে সাধারণ মানুষের কাছে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলবে।
পরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ‘বাংলা কিউআর’ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এ ক্যাম্পেইনের মাধ্যমে পেকুয়ায় ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেনে আরও উৎসাহিত করা হবে।

আরও পড়ুন  "জামায়াত কর্মী আমজাদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবী জামায়াতের
শেয়ার করুন

মন্তব্য করুন

;