চট্টগ্রাম একদিনে গ্রেপ্তার ৭২৭ জন

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক নির্মূলে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৭২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) পরিচালিত এই বিশেষ অভিযানের ফলাফল শনিবার (২১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়।

মামলা ও গ্রেপ্তারের ধরন: রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন এবং পূর্ববর্তী মামলায় ১১৪ জন রয়েছেন। এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত পরোয়ানাভুক্ত ৯৪ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১৯ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত: অভিযানে মাদকসংশ্লিষ্ট অভিযোগে মোট ১০৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে; যার মধ্যে ৬৭ জন মাদকসেবী এবং ৩৭ জন মাদক ব্যবসায়ী রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

কিশোর গ্যাংবিরোধী অভিযান: অভিযানের অংশ হিসেবে পুরো রেঞ্জে কিশোর গ্যাংয়ের ৩২০ জন সদস্যকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ১৪৪ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ১৭৬ জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়—১৬৬ জন। এ ছাড়া লক্ষ্মীপুরে ৪১, চট্টগ্রামে ৩৮, কক্সবাজারে ১৯, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, খাগড়াছড়িতে ১১, নোয়াখালীতে ৯, চাঁদপুরে ও বান্দরবানে ৭ জন করে, ফেনীতে ৫ এবং রাঙামাটিতে ৪ জনকে আটক করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার: এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে রেঞ্জের বিভিন্ন জেলা থেকে আরও ৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নোয়াখালীতে সর্বোচ্চ ২৩ জন এবং কুমিল্লায় ২২ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ১০, লক্ষ্মীপুরে ৭, ব্রাহ্মণবাড়িয়ায় ৬, কক্সবাজার, চাঁদপুর ও খাগড়াছড়িতে ৫ জন করে, ফেনীতে ২ এবং রাঙামাটিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে রেঞ্জ কার্যালয় সূত্রে জানানো হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য করুন