কিশোর গ্যাং ও নাশকতা ঠেকাতে দেশজুড়ে গঠন হচ্ছে ৩ স্তরের কমিটি

নিজস্ব প্রতিবেদক :

শেয়ার করুন
সন্ত্রাস, নাশকতা ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ঠেকাতে দেশজুড়ে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তিন স্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘সন্ত্রাস, নাশকতা ও কিশোর গ্যাং প্রতিরোধ কমিটি’ নামে এসব কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে এসব কমিটি করা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা উপদেষ্টাসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের ১৩ জন কর্মকর্তা ওই সমন্বয় কমিটির সদস্য। মাঠপর্যায়ে এসব কমিটি গঠনের কার্যক্রম চালাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। বিশেষ করে কিশোর গ্যাংয়ের তৎপরতা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকার মনে করে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব নয়। তাই সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এসব কমিটি কাজ করবে।”

যেভাবে সাজানো হচ্ছে তিন স্তরের কমিটি

নির্দেশনা অনুযায়ী, জেলা পর্যায়ে কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক (ডিসি) এবং সদস্যসচিব থাকবেন পুলিশ সুপার (এসপি)। জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে গঠিত এ কমিটির সদস্য সংখ্যা হবে কমপক্ষে ১৫ জন।

উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। অন্যদিকে, ইউনিয়ন পর্যায়ে কমিটির কাঠামো নির্ধারণ করবেন সংশ্লিষ্ট জেলার ডিসি। ইউনিয়ন কমিটির সভাপতি হবেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বা প্রশাসক এবং সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা (সচিব)।

মাসিক সভা ও প্রতিবেদন দাখিলের সময়সূচি

প্রতিটি কমিটিকে মাসে অন্তত একবার সভা করতে হবে। পাশাপাশি নিজ নিজ এলাকায় বড় ধরনের সহিংসতা বা নাশকতার পর পরিস্থিতি পর্যালোচনা করে পুনরাবৃত্তি রোধে সুপারিশ করবে কমিটিগুলো।

নিয়মিত মাসিক কার্যক্রমের প্রতিবেদন পাঠানোর সময়সূচিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী, ইউনিয়ন কমিটি প্রতি মাসের কার্যক্রমের প্রতিবেদন পরবর্তী মাসের ৩ তারিখের মধ্যে উপজেলা কমিটিতে পাঠাবে। উপজেলা কমিটি ৫ তারিখের মধ্যে প্রতিবেদন পাঠাবে জেলা কমিটিতে। আর জেলা কমিটি জেলার সমন্বিত প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেবে।

কার্যপরিধিতে যা থাকছে

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে সন্ত্রাস, নাশকতা, সংঘবদ্ধ অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং এসব কর্মকাণ্ডে সহায়তাকারী ও পৃষ্ঠপোষকদের বিষয়ে নিয়মিত মাসিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিরোধমূলক কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করবে কমিটিগুলো।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, কারা কর্তৃপক্ষ, শিক্ষা ও সমাজসেবা বিভাগ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি প্রয়োজনে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। অপরাধপ্রবণ এলাকা ও অপরাধের ধরন অনুযায়ী ঝুঁকির মানচিত্র (ক্রাইম ম্যাপিং) তৈরি করে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেবে এসব কমিটি। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি অফিস, বিদ্যুৎকেন্দ্র, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান এবং জনপরিবহনের নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক উদ্যোগ ও আইনি পদক্ষেপ—উভয় দিকেই জোর দেওয়া হয়েছে। বিদ্যালয় থেকে ঝরে পড়া, দীর্ঘদিন অনুপস্থিত থাকা, ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করা এবং অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এমন কিশোরদের চিহ্নিত করে সামাজিক সুরক্ষা ও পুনর্বাসনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং, স্বেচ্ছাসেবা ও কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে যুক্ত করার উদ্যোগও থাকবে। অন্যদিকে, কুখ্যাত ও অভ্যাসগত অপরাধীদের ফৌজদারি কার্যবিধির ১১০ ধারায় মুচলেকায় আবদ্ধ করা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে ৪৪ ও ৪৫ ধারার বিধান কার্যকর করার নির্দেশনাও এসব কমিটিকে দেওয়া হতে পারে।

শেয়ার করুন

মন্তব্য করুন